কবি গুরুর মর্মবাণী, আত্মসম্মান ও আত্মনির্ভরতার আদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহবান জানিয়েছেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পি রেজোয়ানা চৌধুরী বন্যা। সোমবার লন্ডনস্থ প্রবাসীদের উদ্যোগে স্থানীয় একটি রেঁস্তোরায় আয়োজিত সংগীত সন্ধায় তিনি এ আহ্বান জানান। তিনি প্রবাসিদের উদ্দেশে বলেন, ‘যেসব প্রতিষ্ঠান মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা চর্চা শেখায় সেখানে দান করলে সমাজে উদার নৈতিক মানুষ সৃষ্টি হবে।’
পরে সুরের মূর্ছনায় বাঙালি আবহে উদ্বেলিত করেন শ্রোতাদের। এ সময় তিনি বেশ কয়েকটি রবীন্দ্র সংগীত পরিবেশনের পাশাপাশি গানের আলেখ্য ইতিহাসের বর্ণনা দেন। এতে উপস্থিত সকলে মুগ্ধ হন। সকলে করতালিতে সিক্ত করেন বন্যাকে। লন্ডনের ইংরেজ সমাজে এই ইট-পাথরের যান্ত্রিক জীবনে ক্ষণিকের জন্য হলেও রবীন্দ্র ভক্তদের মনে-প্রাণে জাগে মায়ার হিল্লোল। তিনি প্রথম গানটি করেন ‘বরিশুধা মাঝে শান্তিরও বাণী’। বিশ্ব কবি এই অমর গানটি লেখেন তাঁর ৩৫ বছর বয়সে। দ্বিতীয় গানটি ছিল ‘আমার হিয়ার মাঝে’। এ সময়ে অনেকেই আবেগ আপ্লুত হন। পরে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকের অনুরোধে ‘ভেঙে মোর ঘরের চাবি’ গানটি গেয়ে শোনান। এরপর তিনি দুটি বৈষ্নব পদাবলী গেয়ে শোনান এবং তার ইতিহাস বর্ণনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রেস-পাবরিকেশন সেক্রেটারি লুতফর রহমান সৈয়দ, অন্যান্যের মধ্যে ছিলেন, আফসার খান সাদেক ও লন্ডন বেতার বাংলার উপস্থাপক ড. আনিছুর রহমান আনিছ প্রমুখ।
