উচনা সীমান্তে ৩ বিঘা জমি ফেরত পেলেন বাংলাদেশি কৃষকরা

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ০৭:০২

জেলায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা (সোনাতলা) হাটখোলা সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক দখলকৃত বাংলাদেশি কৃষকদের জমি অবশেষে ফেরত দেয়া হয়েছে। রবিবার বিকাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে কয়েক দফায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই এলাকায় সীমানা নির্ধারণের কাজ শেষে গতকাল সোমবার দুপুরে ওই জমিগুলো ফেরত পেয়েছেন বাংলাদেশি কৃষকরা। জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি দুপুর থেকে ভারত সীমান্তবর্তী উচনা (সোনাতলা) গ্রামের ২৮০ নং পিলারের ১০/১১ এস পিলার থেকে শুরু করে ২৮০ নং পিলারের ১২/১৩ এস পিলার এলাকার আইল সোজা করার নামে ৩ বিঘা জমি দখল করে আইল তৈরি করে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ। এতে উচনা (সোনাতলা) গ্রামের হাফিজ উদ্দিন, নাজিমউদ্দিন, আব্দুল লতিফ, সফি উদ্দিন, আব্দুল গণি, আব্দুস সোবাহান ও আব্দুল মাজেদের প্রায় ৩ বিঘা জমি জোর করে দখল করে নেয়া হয় বলে জানান ওই কৃষকরা। এ ব্যাপারে গত ৫ মার্চ কয়া সীমান্তে দিনাজপুর সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি উপস্থাপন করা হয়।
বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত হয় কয়েক দফা পতাকা বৈঠক। ওই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসানসহ বিজিবি ও উপজেলা প্রশাসনের বেশ কয়েক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার উপ-অধিনায়ক নপেন্দার কুমার, মথুরাপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস ই নরেন্দ্র যাদবসহ ভারতীয় প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তাগণ। পতাকা বৈঠক শেষে জমির জরিপসহ প্রয়োজনীয় কাগজ অনুযায়ী জমিগুলো বাংলাদেশি নাগরিকদের বলে প্রমাণিত হওয়ায় প্রকৃত মালিকরা ফেরত পান।

পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান জানান, আন্তর্জাতিক সীমান্ত রেখা আইন অনুযায়ী একটি পিলার থেকে অপর একটি পিলার সোজা করার কোন সুযোগ নেই। তাই ওই নিরীহ কৃষকদের আবেদনের প্রেক্ষিতে এ নিয়ে ভারতীয় প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক হয়। এরপর শান্তিপূর্ণ সমাধান হিসেবে বাংলাদেশি কৃষকদের জমি ফেরত দেয় ভারতীয় কর্তৃপক্ষ।