অনাহারে আছি বাবু। ভিক্ষা করি না। ছাগল বন করে খাই। আজ খ্যাপার কাজ হয়নি। খাওয়া হবে না। পাগলী বউটারও দেখা নাই। কার কাছে যামু। কি খামু বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার রেলওয়ে কুলিপট্টি গ্রামের মৃত চেতু সিংয়ের পুত্র আদিবাসী বিজয় সিং (কবিরাজ)।
তিনি বলেন, শিরিন কমিশনার বয়স্কভাতার কার্ড করে দিবে কয়ে গেল তো গেল’ই। খবর নাই আর। মনসুর কমিশনারের বাড়িত গেনু। দু’পা ধরে কয়ে আনু । ভাই, মোর কার্ডটা যেন হয়। হলো না। সত্তর পার হল মোর বয়স। এখনো কার্ডটা জুটলো না আমার ভাগ্যে। ভূমিহীন বিজয় সিং পেশায় একজন দিন মজুর। তার এই উপার্জনে সংসার চলে না। একদিন কাজ না হলে বাড়ির সবাইকে উপোস থাকতে হয়। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। অসহায় বিজয় সিংকে এখন দেখার কেউ নেই। নেই মাথা গোজার ঠাঁই। বয়স্কভাতার একটা কার্ড মিললে তার অভাবের এই সংসারে একটু হলেও আশার আলো মিলবে।
