জীন প্রকৌশল পদ্ধতির মাধ্যমে ময়মনসিংহের ত্রিশালের নওধারে বারি বিটি জাতের বেগুনের সফল আবাদ হয়েছে। গবেষণাগারে পরীক্ষার পর মাঠ পর্যায়ে বাংলাদেশে এই প্রথম এ জাতের আবাদ শুরু হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ ময়মনসিংহের উদ্যোগে জেলার ত্রিশালের নওধারে বারি বিটি জাতের বেগুনের ২টি প্লটে আবাদ করেছেন কৃষক আবুল হোসেন ও কৃষক তমিজউদ্দিন। এ দুটি জাত হচ্ছে বারি বিটি বেগুন-১ ও বারি বিটি বেগুন-২। প্রতিটি গাছে গাছে বেগুনের ব্যাপক উত্পাদন হয়েছে। ওজনে গাছগুলো ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে পড়েছে। বাঁশের কঞ্চি দিয়ে গাছগুলোকে বেঁধে রাখা হয়েছে। এ বেগুন চাষে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কৃষকরা জানান, এ জাতের বেগুন উত্পাদনে খরচ কম ও ফলন বেশি হয়।
এগুলো উত্পাদনে ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনে কোন কীটনাশক প্রয়োগ করতে হয় না। দীর্ঘ নয় বত্সর গবেষণার পর বিএআরআই হতে জীন প্রকৌশল পদ্ধতির মাধ্যমে এ পর্যন্ত বিটি বেগুন এর চারটি জাত অবমুক্ত করা হয়েছে। আরো পাঁচটি অবমুক্তের অপেক্ষায়। বিজ্ঞানীদের অভিমত, সারা দেশে এ জাতের বেগুন সমপ্রসাারিত হলে কৃষক যেমন লাভবান হবেন তেমনি তাদের অর্থনৈতিক সচ্ছলতাও বাড়বে।
