নাঙ্গলকোটে মাছ চাষে চলছে নীরব বিপ্লব

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৫:০৩
 
কুমিল্ল­ার নাঙ্গলকোট উপজেলায় মাছ চাষে নীরব বিপ্ল­ব ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় চাষ করা মাছের প্রজেক্ট এখন চোখে পড়ার মত। লাভবান হওয়ায় দিন দিন বিভিন্ন পেশার মানুষ এ কাজে ঝুঁকে পড়ছে।
পাইকারী আড়তদাররা প্রতিদিন এ উপজেলার বিভিন্ন প্রজেক্ট থেকে মাছ কিনে পিকআপ ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। উপজেলার অধিকাংশ মাছ চাষিই এখন স্বাবলম্বী। বছরে আয় করছে লাখ লাখ টাকা। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মত্স্য প্রজেক্ট করে কর্মসংস্থান সৃষ্টি করে চলেছেন সফল উদ্যোক্তারা। মত্স্য প্রজেক্টের কারণে লোকজনের কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে তারা সহায়ক ভূমিকা রাখছে। উপজেলার জোড্ডা ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ রাজাপাড়া গ্রামে অন্তত ৩০ বিঘা জমি নিয়ে মত্স্য প্রজেক্ট স্থাপন করেছেন। প্রজেক্টে রুই, কাতলা, মৃগেল, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ হচ্ছে। মত্স্য প্রজেক্টের ভেতরে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল ও শাক-সবজি। প্রজেক্টের প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, জমিতে ধান চাষ করে লাভের চেয়ে লোকসান গুনতে হয়। কিন্তু মাছ চাষ করে লোকসানের কোনো সম্ভাবনা নেই। বরং লাভের অংকই বেশি। পাশাপাশি এতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। তাই তিনি অন্য ব্যবসার সাথে মত্স্য চাষের ব্যবসা চালু করেছেন।