বহুমুখী সংকটে জর্জরিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটছে না। সাড়ে তিন মাস পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং দেড় মাস পর শ্রেণিকক্ষের তালা খুললেও ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ নেই।দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি ভিসির অপসারণের দাবিতে অনড় রয়েছে।অপর দিকে, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপাওয়া শিক্ষকদের একটি বড় অংশ ভিসিকে বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
দেড় মাস পর গত রবিবার শ্রেণিকক্ষের তালা খুলে দিলেও মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের মধ্যে চার-পাঁচটি বিভাগে কয়েকটি মাত্র ক্লাস অনুষ্ঠিত হয়েছে।সেশনজটে নাকাল হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার সাত বছরে বিশ্ববিদ্যালয়টি থেকে একটিও মাস্টার্স ব্যাচ বের হয়নি।
এ ছাড়া, চলমান অচলাবস্থার কারণে নতুন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। বিদ্যমান সমস্যা-সংকট দূর করে রংপুরের এ বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা।
