'রাষ্ট্রায়ত্ত শিল্পে প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী চীন'

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৮:৫০
 
 
 
 
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কাগজ ও চিনি কলগুলোর আধুনিকায়নে প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছে চীন। এ ছাড়া, বন্ধুপ্রতিম দেশ হিসেবে পারস্পরিক লাভজনক বিষয়েও বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী দেশটি। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পমন্ত্রী চীনের এ প্রস্তাবে ইতিবাচক মত দেয়ার পাশাপাশি চীনকে বাংলাদেশের মাঝারি শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান। সেই সঙ্গে শাহজালাল সার কারখানার নির্মানকারী চীনা প্রতিষ্ঠানকে যথাসময়ে কাজ সম্পন্ন করতে তাগিদ দিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘গণচীনের ভাইস প্রিমিয়ার চলতি বছরের মে মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবে। এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শাহজালাল সার কারখানা উদ্বোধনের সুযোগ রয়েছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।’ তিনি বাংলাদেশের চাহিদামাফিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যৌথ কর্মশালার আয়োজন করে সহায়তা ও বিনিয়োগের ক্ষেত্র চি‎হ্নিত করার প্রস্তাব দেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশে হাইটেক শিল্পকারখানার পাশাপাশি মাঝারি শিল্পকারখানায় চীনের বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতের  প্রতি আহ্বান জানান।
বৈঠকে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।