রাজশাহী জোনের বিদ্যুত্ উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৯:৫৩
 
 
 
 
 
 
রাজশাহী জোনের বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ৯১৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের আওতায় ১৩৭৫ কিমি নতুন বিতরণ লাইন নির্মাণ এবং ১৮০৮ কিমি পুরাতন বিতরণ লাইন সংস্কার করা হবে। এর ফলে ৭৭৫ মেগাওয়াট বিদ্যুত্ লোড বৃদ্ধি পাবে। ২ লাখ নতুন গ্রাহক বিদ্যুত্ সেবার আওতায় আসবে। সিস্টেম লস কমবে ৪ শতাংশ। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গলবার এ প্রকল্পটিসহ মোট ৫টি প্রকল্প অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের প্রকল্পগুলোর বিভিন্ন তথ্য অবহিত করেন।
মোট ১ হাজার ২০৫ কোটি ৫০ লাখ টাকা প্রাক্কলিক ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৭০ কোটি ৫৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৪ কোটি ৯৪ লাখ টাকা রয়েছে। অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে—৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প। ৮৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসারদের জন্য শহীদ শেখ রাসেল আবাসিক টাওয়ার ভবন নির্মাণ প্রকল্প, ৩৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে পানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও বিস্তার এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উত্পাদন বৃদ্ধি বিষয়ক প্রায়োগিক গবেষণা প্রকল্প এবং ১০১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প।
প্রকল্প বিষয়ে পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়—জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপিত হলে প্রতিবছর ৮০ জন বস্ত্র প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯০০ জন কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে ১১৯ জনের আবাসিক ব্যবস্থা আছে। আবাসিক টাওয়ার ভবন নির্মাণ প্রকল্পের মাধ্যমে আরো ১৫২ জন প্রথম শ্রেণির কর্মকর্তার আবাসন ব্যবস্থা হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১৫০০ বর্গফুট। ২০ তলা ভিতের ওপর ২০ তলা টাওয়ারটি নির্মাণ করা হবে। চলতি বছর জুলাই থেকে শুরু হয়ে ২০১৮ সালের জুলাই মেয়াদকালে এটি বাস্তবায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও শিববাড়ির কাছাকাছি এলাকায় এ টাওয়ারটি স্থাপিত হবে। পুরোনো হয়ে যাওয়া শিক্ষকদের আবাসিক ভবনগুলোতেও পর্যায়ক্রমে টাওয়ার এ বানানো হবে।