বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল ইসলাম বলেছেন, ‘আমি দালাল মুক্ত থানা গড়তে চাই। সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়। তখন তারা ওই দালালদের কাছে যায়। দালালরা সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নেয়। দালালরা কিছু নেয় হয়তো পুলিশকে কিছু দেয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমি এই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। কমিউনিটি পুলিশের কোনো সদস্য যদি কোনো থানায় দালালদের দেখতে পান তখন আপনারা সরাসরি থানার ওসির কাছে অভিযোগ করবেন।’
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা কমিউনিটি পুলিশের সমন্বয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পুলিশ সদস্যদের জন্য ৬তলা বিশিষ্ট ভবনের ব্যারাক উদ্বোধন করেন।
সভায় ঢাকা রেঞ্জের ডেপুটি জেনারেল এস এম মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
আইজি আরও বলেন, ‘বাংলাদেশে পুলিশ সদস্যদের মধ্যে এমন কোনো সদস্য নেই যারা ১৮ ঘণ্টা ডিউটি করে না। তবুও সাধারণ মানুষের মাঝে পুলিশকে নিয়ে বিরূপ মনোভাব রয়েছে। পুলিশ জনগণের সেবক। পুলিশের জনগণকে শাসন করার কোনো ক্ষমতা নেই। পুলিশ শুধু আইনের সঠিক প্রয়োগ করার ক্ষমতা রাখে জনগনকে সেবা প্রদানের জন্য।
তিনি বলেন, বৃটিশ আমল থেকেই মানুষের সাথে জনগণের একটা দুরত্ব সৃষ্টি হয়েছে। তখন পুলিশকে জনগনকে শাসন করার জন্য ব্যবহার করা হয়েছে। সেই থেকে পুলিশ সম্পর্কে মানুষের মনে একটি আস্থার ঘাটতি দেখা দিয়েছে। জনগণের মাঝে সেই আস্থাটা আমি ফিরিয়ে আনতে চাই।
