১ লাখ ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের আয়ুব ঢাকায় আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২৩:৩১

১ লাখ ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের আয়ুব ও তার এক সহযোগীকে রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২২ মার্চ রোববার রাতে তাদের আটক করা হয়।

(ডিবি) পুলিশের সুত্র জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চট্রগ্রাম থেকে একটি মাইক্রোবাস যোগে ইয়াবা পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে ঢাকা চট্রগ্রাম সড়কে ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের নির্দেশনায় ও অতিরিক্ত উপকমিশনার নূরন্নবীর তত্ত্বাবধানে ডেমরার স্টাফ কোয়ার্টারের যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে একটি মাইক্রোবাসসহ দুই জনকে আটক করা হয়। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হল, টেকনাফ পৌরসভার মো. আয়ুব ও শাহপরীরদ্বীপ দক্ষিনপাড়ার মৃত বাছা মিয়ার ছেলে মৌলভী মো. হোসাইন প্রকাশ আবুলু। 
এ ঘটনায় সোমবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ইয়াবা বড়িগুলো মিয়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল। সেগুলো চট্রগ্রাম থেকে মাইক্রোযোগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।
স্থানীয়রা জানান, মৌলভী মো. হোসাইন টেকনাফের ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী কালা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আমিনের ভইরা ভাই। মোহাম্মদ আমিন বহু বছর ধরে ইয়াবা ও হুন্ডি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। আইনশৃঙ্কলা বাহিনী ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করলে টেকনাফ থেকে পালিয়ে যায়। চট্রগ্রামে অবস্থান করে তাদের সহযোগী আয়ুব ও হোসাইনকে দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যায়। অবশেষে মাইক্রোবাসে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ওই দুই জনকে ঢাকায় পুলিশ আটক করে।