আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা ২৮ মার্চ

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২৩:৪৩

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম এই তিন সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হবে আগামী ২৮ মার্চ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওই দিন চূড়ান্ত এ তালিকা ঘোষণা করবেন। এ তালিকার বাইরে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব তথ্য জানানো হয়। দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে তাদের পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তবে ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত হলেও ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থীর বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে নেতৃবৃন্দ জানান। তারা  বলেন, বিএনপি সন্ত্রাসের পথ পরিহার করে সিটি নির্বাচনে অংশ নিলে তাদের স্বাগত জানাবে আওয়ামী লীগ।
জানা গেছে, দু’এক দিনের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের গণভবনে ডাকবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজি সেলিম না সাঈদ খোকনকে আওয়ামী লীগ সমর্থন করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সিদ্ধান্ত হয়েছে, ওয়ার্ডে তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীর কাছে গ্রহণযোগ্য, ভোটারদের আকৃষ্ট করতে পারেন এমন ব্যক্তিত্বসম্পন্ন, সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দেবে আওয়ামী লীগ।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এ বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সিটি নির্বাচনে যারা দলের নির্দেশ অমান্য করে প্রার্থী হবেন, তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না। তাদেরকে নিজ দায়িত্বেই নির্বাচন করতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২৮ মার্চ প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন পত্র দাখিলের নির্দেশ দেবেন, সে নির্দেশ মেনেই আমরা ২৯ মার্চ থেকে তার পক্ষে কাজ করবো। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি ধূম্রজাল সৃষ্টি করছে। তবে এগুলো করে কোন লাভ হবে না। ইসি ঘোষিত তফসিল অনুসারে নির্ধারিত তারিখেই নির্বাচন হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে কমিটির সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন উপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি নির্বাচনে আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহণ হবে বলে গত ১৯ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।