২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবি

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ০৯:৩৫



বাংলাদেশে ২৫শে মার্চ রাতের হত্যাযজ্ঞ এবং মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার স্মরণে ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার দাবী জানাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এই দাবীতে তারা আজ একটি আলোর মিছিল করবে। গণহত্যায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানো হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ক শাহরিয়ার কবির বলছেন, দশ বছর ধরেই তারা দেশে ও বিদেশে এই দিনটিকে গণহত্যা দিবস নির্ধারণ করার দাবি জানিয়ে আসছেন।
শাহরিয়ার কবির বলছেন, ‘গত শতাব্দীতে অনেক দেশেই গণহত্যার ঘটনা ঘটেছে, কিন্তু তার অনেকক্ষেত্রেই বিচার হয়নি। এখনো ক্ষতিগ্রস্তরা বিচারের অপেক্ষায় রয়েছেন।’
শুধুমাত্র পঁচিশে মার্চ রাতেই প্রায় একলক্ষ লোককে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এজন্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা আহবান জানান যে, এই একটি দিনে মোমবাতি জানিয়ে সব গণহত্যার মানুষকে স্মরণ করা হোক।
দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে তারা জাতিসংঘের কাছেও অনুরোধ জানিয়েছেন। কিন্তু জাতিসংঘ বলেছে অনুরোধটি দেশের সরকারের তরফ থেকেই আসতে হবে।
তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় এই যে, সরকারের তরফ থেকে এ বিষয়ে কোন উদ্যোগ আসেনি।
বাংলাদেশের গণহত্যার বিষয়টি পশ্চিমা দেশগুলো স্বীকার করে না। সেই স্বীকৃতি আদায় করাও তাদের আন্দোলনের অন্যতম উদ্দেশ্য।
পঁচিশে মার্চ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যার দিবস হিসাবে একদিন না একদিন বিশ্বের দেশগুলো গ্রহণ করবে বলে আশা করছে এই কমিটি।
-বিবিসি