পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, পরিবেশবান্ধব কয়লাভিত্তিক প্রকল্প পরিচালনায় পোল্যান্ডের অভিজ্ঞতা বিনিময় ও কারিগরি সহায়তা বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে বুধবার বাংলাদেশে পোল্যান্ডের নবনিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত থমাস লুকাজুক (নয়াদিল্লীতে আবাসিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। এ বিষয়ে রাষ্ট্রদূত লুকাজুকও পররাষ্ট্রমন্ত্রীর সাথে একমত প্রকাশ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে পোল্যান্ডের অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা লাভের পর পোল্যান্ড ছিল দ্বিতীয় ইউরোপীয়ান রাষ্ট্র যেটি ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
মাহমুদ আলী আশা প্রকাশ করেন যে, বর্তমান রাষ্ট্রদূতের কর্মকালে দু’দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও অর্ধ বিলিয়ন মার্কিন ডলারেরও অধিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে।
রাষ্ট্রদূত থমাস লুকাজুক পোল্যান্ডে শতকরা প্রায় ৯০ ভাগ কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের কথা উল্লেখ করে বাংলাদেশে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে তার দেশ সহায়তা প্রদানে সক্ষম এবং আগ্রহী বলে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পোলিশ রাষ্ট্রদূত আরো বলেন, পোল্যান্ড বাংলাদেশের সাথে প্রতিরক্ষা শিল্প, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও অধিক সম্প্রসারণে আগ্রহী। সামনের দিনগুলোতে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে পোল্যান্ড হতে বাংলাদেশে সে দেশের সরকারি, সংসদীয় ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে রাষ্ট্রদূত লুকাজুক পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
পররাষ্ট্রমন্ত্রী পোল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তার দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
