রাজশাহীর রেলওয়ে স্টেশনের ২’শ গজ দূরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর একটার দিকে এই ঘটনার সময় আতঙ্কে দ্রুত নামতে গিয়ে ওই দুই বগির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
ট্রেনের স্লিপার খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের কর্তকর্তারা জানিয়েছেন। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী থেকে রাজশাহীতে আসছিল।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, ট্রেনের কয়েকটি বগি স্টেশনের মধ্যে ঢুকে পড়ার পর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রেলের নিরাপত্তা কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধার করেছে। বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচলে অসুবিধা হয়নি।
