লি’কে শ্রদ্ধা জানাতে হাজার হাজার লোকের লাইন

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ০০:৫৬

পার্লামেন্ট প্রাঙ্গণে শায়িত সিঙ্গাপুরের প্রয়াত রাষ্ট্রনেতা লি কুয়ান ইয়েউকে শেষ বারের মতো দেখতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ান গতকাল বুধবার। লম্বা লাইন ধরে একে একে এসে তারা লি’র প্রতি শ্রদ্ধা জানান। গতকাল সকালে মরদেহটি লি’র সরকারি বাসভবন থেকে কামানবাহী শকটে চড়িয়ে শহর ঘুরিয়ে পার্লামেন্ট ভবনে আনা হয়। খবর বিবিসির।

সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা লি কুয়ান সোমবার ৯১ বছর বয়সে মারা যান।  তার মৃত্যুতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক পালন করছে সিঙ্গাপুর। আগামী রোববার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, মরদেহ পার্লামেন্টে আনার পর পার্লামেন্টের চারপাশজুড়ে হাজার হাজার লোকের বিশাল লাইন পড়ে যায়। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ধৈর্য্য ধরে অপেক্ষা করে দেশবাসী। পার্লামেন্টে আনার আগে পারিবারিক শোকজ্ঞাপনের উদ্দেশ্যে তার মরদেহ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধানমন্ত্রীর দপ্তরের কম্পাউন্ডে রাখা হয়েছিল। সেখানেও সদর দরজার বাইরে রাখা শোক বইয়ে সই করেন হাজার হাজার মানুষ। এখান থেকে সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিরা জাতীয় পতাকায় মোড়া কফিন পার্লামেন্টে নিয়ে যান। এ সময় দু’পাশে দাঁড়ানো জনতা তাদের প্রিয় নেতাকে সম্মান জানান।