মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতার কথা বলার পর ইসরাইল-ফিলিস্তিন শান্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। সম্প্রতি পুননির্বাচিত হওয়ার পর নিজের বলা কথা নিয়ে নেতানিয়াহুর সুর আগের চেয়ে কিছুটা নরম হলেও তার বক্তব্যে অসন্তুষ্ট হোয়াইট হাউস। খবর বিবিসির।
সূত্র জানায়, নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ককে ‘কার্যকর ও বাস্তবসম্মত’ বলে উল্লেখ করলেও বেশ কয়েকটি ইস্যুতে ইসরাইলি প্রধানমন্ত্রী একের পর এক বিতর্কিত মন্তব্য করায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে দূরত্ব বাড়ছে। যুক্তরাজ্য-ইসরাইল দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হওয়া উত্তেজনায় নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক বড় কোনো বিষয় নয় বলে উল্লেখ করেছেন ওবামা। তিনি বলেছেন, ‘বিশ্বের যে কোনো নেতার চেয়ে তার সঙ্গেই বেশিবার আলোচনায় বসেছি আমি। তিনি যেভাবে ঠিক মনে করছেন সেভাবেই নিজের দেশের স্বার্থের প্রতিনিধিত্ব করেছেন। আমি তার মতো করে ভাবছি না।’
ফিলিস্তিনি রাষ্ট্র প্রশ্নে দুই রাষ্ট্র সমাধান মেনে নেবেন না, নির্বাচনের আগে বলা এই কথা দুই-রাষ্ট্র সমাধান এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না- পরবর্তীতে নেতানিয়াহুর এমন দাবি প্রসঙ্গে ্ন ওবামা বলেছেন, ‘নেতানিয়াহুর বক্তব্যের পর এটি কীভাবে হতে পারে সে ছবিটা কষ্ট-কল্পনা হয়ে গেছে বলে আমি মনে করি।’
