বুধবার সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দূর্গাবাটি-মাদিয়া এলাকার খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়ি বাঁধটি এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা সম্ভব হয়েছে। তবে বাঁধটি টিকবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে প্রবল জোয়ারের স্রোতে শ্যামনগর উপজেলার দূর্গাবাটি-মাদিয়া এলাকার খোলপেটুয়া নদীর আড়াই’শ ফুট বেড়ি বাঁধ ভেঙ্গে দুই হাজার বিঘা মত্স্য ঘের তলিয়ে যায়। ধসে পড়ে প্রায় দুইশ’ কাঁচা ঘর-বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করা হয়েছে।
শ্যামনগর উপজেলা উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বজিত বৈদ্য জানান, পরবর্তী জোয়ারে কি হবে সেটি দেখভাল করা হচ্ছে। বাঁধের দুর্বল পয়েন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় আর যাতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সজাগ রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন সে অনুযায়ী সেখানে কাজ করছেন।
তবে, স্থানীয়দের দাবি সংস্কার করা বাঁধটি যাতে আর নতুন করে না ভেঙ্গে যায় এবং বাঁধটি যাতে স্থায়ীভাবে নির্মাণ করা হয় সেদিকে প্রশাসনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
