দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার বিকেল ৫টায় হাত বোমা বিস্ফোরণে মনিরুল ইসলাম (১৮) নামের এক মুদি দোকানী নিহত হয়েছে। এ ঘটনায় ঐ এলাকার খ্রীষ্টান মিশনের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নবাবগঞ্জের দাউদপুর-ভাদুরীয়া সড়কের লাউগাড়ি খ্রিষ্টান মিশন সংলগ্ন মুদি দোকানী মনিরুল ইসলাম তার দোকানের পার্শ্ববর্তী সড়কের ওপর একটি লোহার বস্তু দেখতে পান। সেটি নিয়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হলে মনিরুল ইসলামের অঙ্গপ্রত্যঙ্গ শরীর থেকে উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
হাত বোমা বিস্ফোরণসহ নিহত হওয়ার ঘটনার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আমিরুল ইসলাম বলেন, বিস্ফোরিত বস্তুটি শক্তিশালী হাত বোমা। দুর্বৃত্তরা নাশকতাসহ আতঙ্ক সৃষ্টির জন্য সেখানে ফেলে দিয়ে যেতে পারে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্তসহ দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
