সিরাজগঞ্জের বেলকুচির চরে অয়েল পামের চাষাবাদ করে আশার আলো দেখছেন পৌর এলাকার সেলিম রেজা। ১৪ বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন পাম অয়েলের বাগান। প্রথম দিকে এলাকার অনেকের মাঝেই এ নিয়ে অনাগ্রহ ছিল। কিন্তু এখন অনেকেই প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করছেন।
সেলিম রেজা জানান, শরিফুল গার্ডেন, ঢাকা ও গ্রীন বাংলা নামক প্রতিষ্ঠান থেকে ৬শ’টি অয়েল পাম চারা নিয়ে তিনি তার বাগান তৈরির কাজ শুরু করেন। ২০১২ সালে এ চারা গাছগুলো লাগান তিনি। এখন এতে প্রচুর ফল আসতে শুরু করেছে। প্রথমদিকে এলাকার লোকজন এ নিয়ে বিরূপ মন্তব্য করলেও এখন অনেকেই এ পেশায় আসতে আগ্রহ প্রকাশ করছেন। প্রায় প্রতিদিনই বাগানে লোকজন আসছে। এরই মধ্যে তিনি মালয়েশিয়া থেকে আমদানি করা মেশিন দিয়ে শহরে পাম ফল কেন্দ্রিক একটি ফ্যাক্টরি স্থাপন করেছেন। এখানে বিভিন্ন জেলা থেকে ফল সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে পাম তেল ও বাই প্রডাক্ট উত্পাদন ও মার্কেটিংয়ের কাজ শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত্ হোসাইন সিদ্দিকী জানান, সেলিম রেজার বাগানটিতে যেভাবে ফল আসতে শুরু করেছে তাতে খুব শীঘ্রই ব্যাপক সফলতা আসবে। অত্র অঞ্চলের কৃষকরা এই ভোজ্য তেলের গাছটি চাষাবাদের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।
