তাদের আন্দোলন তামাসায় পরিণত হয়েছে :সেতুমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১১:৪৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি জোটের আন্দোলনকে তামাসার আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তাদের আন্দোলন মানুষের কাছে তামাসায় পরিণত হয়েছে। তারা হরতাল-অবরোধ দিচ্ছে। দেশবাসী তা মানছে না। আর এটি ঢাকতেই তারা সিটি কর্পোরেশন নির্বাচনকে তামাসার নির্বাচন বলছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করে                 সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, তামাসার নির্বাচন বলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিচ্ছে। সরকার সিটি কর্পোরেশনে তামাসার নির্বাচন করবে না। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনে সরকার বাধা দেবে না। কোন প্রকার হস্তক্ষেপ করবে না। সিটি কর্পোরেশনের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের আন্দোলন গণআন্দোলন নয়, গণহত্যা।
সড়ক ও সেতুমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, তিনি যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অযৌক্তিক আন্দোলন করে কখনো যৌক্তিক পরিণতিতে পৌঁছানো যায় না। পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করতে পারেননি। ৫০ হাজার মানুষের জমায়েত ঘটাতে পারেননি। আপনি একাধিক বারের প্রধানমন্ত্রী, কেন দলীয় কার্যালয়ে থাকবেন। আপনার বাড়িঘর রয়েছে। আপনি বাড়িতে ফিরে যান। নাশকতার এ পথ পরিহার করে দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তুলুন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুম খুনের ইতিহাস আওয়ামী লীগের নেই। আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না। গুম খুনের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই। সরকারের বিরুদ্ধে গুম খুনের সঠিক তথ্য প্রমাণ থাকলে সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান।
সড়ক ও সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর নামকরণ নিয়ে সংসদের ভিতরে ও বাইরে অনেক আলোচনা হয়েছে। অনেকে এ সেতুর নাম শেখ ফজিলাতুন্নেছা সেতু, বঙ্গবন্ধু সেতুসহ বিভিন্ন নামকরণের প্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সঙ্গে বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত পদ্মা নদীর নামেই পদ্মা সেতুর নাম করার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করেছে। তারা কুলাঙ্গার ও জাতির দুশমন ছাড়া আর কিছুই নয়।
এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জাতীয় দিবসের শ্রদ্ধা নিবেদন ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।