কম্পিউটিং ইতিহাসের সূচনালগ্নের উদাহরণ এনিয়াক। একে বলা হয়ে থাকে বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক জেনারেল-পারপাজ কম্পিউটার। এনিয়াকের মূল প্রোগ্রামারদের একজন হলেন জ্যঁ বর্তিক। ১৯২৪ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করা বর্তিক নর্থওয়েস্ট মিসৌরি স্টেট টিচার্স কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৪৫ সালে সেনাবাহিনীতে গণিতে দক্ষ জনবল নেওয়া হচ্ছিল। তেমনই একটি প্রকল্পের জন্য নির্বাচিত হন বর্তিক। সেনাবাহিনীতে কর্মরত অবস্থাতেই এনিয়াক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েন তিনি। এটি ক্লাসিফায়েড প্রকল্প হলেও পরে এর নির্মাণ সম্পন্ন হলে এর তথ্য সকলের নিকট প্রকাশ করা হয়। এনিয়াককে জন মানুষের সাথে পরিচিত করে তোলার প্রথম বার্তাটিও লিখেন বর্তিক। কাজের স্বীকৃতিস্বরূপ বর্তিক প্রচুর পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ২০১১ সালের ২৩ মার্চ মৃত্যুবরণ করেন তিনি।
