ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ কবিরুল আলম মাও’র ওপর সন্ত্রাসী হামলা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। আনুমানিক রাত একটা ও সোয়া দুইটায় দুই দফা হামলায় মধুখালী সদরের বনমালীদিয়ায় তার নিজ বাসভবনে জানালা-দরজা ও ফ্রিজসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর ও সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় মধুখালী থানা পুলিশ তড়িৎ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও জানান, সন্ত্রাসীরা তার ঘরের দরজা ও জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে হত্যার উদ্দেশ্যে তাকে খুঁজতে থাকে এবং অশ্রাব্য ভাষায় গালি গালাজও করে আসবাব পত্র ভাঙচুর করে। এ সময় উপায়ন্তর না দেখে তিনি টয়লেটের ভিতর লুকিয়ে আত্মরক্ষা করেন। ভাঙচুরের শব্দে গ্রামবাসী চারিদিক থেকে জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে।
কে বা কারা এই হামলার সাথে জড়িত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাকে হত্যা বা পঙ্গু করার উদ্দেশ্যে কিছু ভাড়াটে পেশাদার সন্ত্রাসীদের কাজ হতে পারে। এলাকায় আমার কোন রাজনৈতিক শক্র নাই।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
