এসডিজি অর্জনে বড় বাধা শিশুশ্রম ও বাল্যবিয়ে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৫৮

ঢাকা শিশু হাসপাতালে নারায়ণগঞ্জের ১৭ বছরের এক মা একমাসেরও কম বয়সের শিশু বুকে বেঁধে ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার নিচ্ছেন’। কারণ তার শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্মেছে। তার এটি দ্বিতীয় সন্তান। বড় সন্তানের বয়স দুই বছর। তার বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে। এসবই অপরিণত শিশু জন্ম দেওয়ার মূল কারণ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অল্প বয়সী এক মা বসে আছে কোলে একটি শিশু নিয়ে। শিশুর বয়স মাত্র দুই মাস। এই শিশু জন্মের সময় শরীরের ডানপাশ (হাত ও বুকের ডান অংশ) আকৃতিতে বেশ বড় নিয়ে জন্মায়। যতই দিন যায়,তার ঐ অংশ আরও ফুলেফেঁপে বড় হতে থাকে। ডাক্তার শিশুটির অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শিশু অ্যানেসথেসিয়া নিতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন ডাক্তাররা। শিশুটির নানী জানান, ১৪ বছর বয়সে প্রবাসী ত্রিশোর্ধ্ব এক ছেলের সাথে মেয়ের বিয়ে দেন। একবছর ঘুরতে না ঘুরতে এমন শারীরিক অবস্থার একটি শিশুর জন্ম দিলো ১৫ বছরের আর এক শিশু। সে এখন কিভাবে নিজের আর ছোট্ট আর এক শিশুর দায়িত্ব নিবে। এ হলো আমাদের শহর এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের বাল্যবিয়ে ও তার পরের অবস্থার একটি চিত্র। শুধু গ্রামেই নয়, শহরের বস্তি এলাকায়ও এখন বড় সমস্যা।

নিউমার্কেট-ফার্মগেট রুটে চলাচলকারী হিউম্যান হলার বা টেম্পোর পেছনে ঝুলে ‘ফার্মগেট ফার্মগেট’ হাঁকছে ১০ কি ১১ বছরের এক শিশু। বসার কোনো জায়গা নেই। পেছনে যখন দুই তিনজন যাত্রী উঠে যায় তখন এক পা গাড়িতে রেখে সে ভাড়া আদায় করে। ১৬ অক্টোবর গণমাধ্যমে প্রকাশ গৃহকর্তা গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার লামিয়াকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। প্রান্তিক ও শহর এলাকায় শিশুর এমন বাস্তবতার মধ্যে আজ ২০ নভেম্বর পালিত হচ্ছে সর্বজনীন শিশু দিবস।

 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম দুটি লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধ করা না গেলে। সমস্যা দূরীকরণে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন বিজ্ঞজন।

 দেশের শহর এলাকায় ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে শিশু সম্পর্কিত ৭৫টি সূচকের ওপর ২০ হাজার ১৩৪টি পরিবারে ‘দ্য চাইল্ড ওয়েল বিং সার্ভে’ (সিডাব্লিউএস) শীর্ষক এক গবেষণায় দেখা যায়, শহরের বস্তি এলাকায় এখনও শিশুবিয়ের হার ৫৭ দশমিক ৭ শতাংশ। ২০-৪৯ বছর বয়সী নারীদের ১০ জনের মধ্যে ৬ জনের ১৮ বছরের আগে বিয়ে হয়। কুমিল্লায় শিশুবিয়ের হার সবচেয়ে বেশি ৬৬ শতাংশ এবং সিলেটে শিশুবিয়ে হয় সবচেয়ে কম ৪০ শতাংশ। শহরে সার্বিকভাবে শিশুশ্রমের হার ( ৫-১৪ বছর) ৮ দশমিক ১ শতাংশ, সেখানে সিটি করপোরেশনের বস্তি এলাকায় এই হার বেশি এবং তা ১৪ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর(বিবিএস) গবেষণা গ্রন্থে এমন তথ্য প্রকাশ করা হয়। ইউনিসেফ গবেষণায় সার্বিক সহযোগিতা করে।

 ২০১৩ সালের জাতীয় শিশুশ্রম জরিপ অনুযায়ী বাংলাদেশে ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোনো না কোনো শ্রমে নিয়োজিত। এর মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে যুক্ত। এই বিশাল সংখ্যক শিশুশ্রমে নিয়োজিত থাকায় এসডিজি অর্জন এবং শিশুশ্রম মুক্ত করা অনেক চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞজন। সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও ২০২৫ সালের মধ্যে সব রকমের শিশুশ্রম মুক্ত করার ঘোষণা দেয়।

গবেষণায় বলা হয়, নগরায়ণে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে নতুন নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করে।

 জাতিসংঘ বিশেষজ্ঞের মতে, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে শহরের জনসংখ্যা ৭ কোটি ৭০ লাখে পৌঁছাবে এবং ম্যাকেঞ্জি গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদন মতে, ঢাকা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম শিশুর শহর। শিশুর এই বিষয়গুলো নিয়ে শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ বলেন, তত্ত্বাবধানের দিক দিয়ে আমাদের এখনো অনেক কাজ করতে হবে। দক্ষিণ এশিয়ায় বাল্যবিয়েতে আমাদের অবস্থান এখনও প্রথম এবং বিশ্বে চতুর্থ স্থানে। তবে কমার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নতুন করে একটিও শ্রমে প্রবেশ করতে না দিলে এবং যারা শ্রমে আছে তাদের শিশুবান্ধব পরিবেশ দিলে কমে আসবে শিশুশ্রম। তিনি শিশুশ্রমিকের পরিবারকে সামাজিক নিরাপত্তাবেষ্টনির আওতায় আনার বিষয়ে জোর দেন।