বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে। দীর্ঘদিন পর সত্যটা আওয়ামী লীগের লোকদের মুখ থেকে বের হয়ে আসছে। আওয়ামী লীগ নেতা তাজউদ্দিনের মেয়ে শারমিন তার লেখায় কিঞ্চিত তা প্রকাশ করেছেন। আগামীতে বিবৃতির ইতিহাস আরো বেশি বের হয়ে আসবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনে স্থানীয় বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও দেশের চলমান রাজনীতি পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন সাদেক হোসেন খোকা।
আলোচনা সভায় সাদেক হোসেন খোকা বলেন, মুক্তিযুদ্ধের লড়াই একদিনে সংগঠিত হয়নি। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা হওয়ার কথা ছিল এগিয়ে যাওয়ার প্রেরণা। কিন্তু দুঃখজনকভাবে মুক্তিযুদ্ধকে স্বার্থ হাসিলের উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাতির গৌরবের মুক্তিযুদ্ধকে দলীয় ও ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয়েছে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী দলীয় ক্যাডারদের গুম, খুন অত্যাচার, অবিচারে মানুষ দুর্বিষহ হয়ে উঠেছে। সালাহউদ্দিনের মতো একজন শীর্ষস্থানীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী যদি গুম হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজে অনুমান করা যায়। ভিন্নমতের লোক হলেই তাকে হত্যা আর গুম হতে হবে, এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
ফ্যাসিবাদ মুক্ত এবং গণতান্ত্রিক আন্দোলনে শরীক হওয়ার জন্য দেশপ্রেমিক সকলকে আহ্বান জানান তিনি।
প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডের গ্রিন হাউজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রুকলিন বিএনপির সভাপতি হাজী মো. কামাল উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূইঁয়া। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রুকলিন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন, সহ-সভাপতি হুমায়ন কবির, বিএনপি নেতা প্রফেসর আহসান উল্লাহ মিন্টু, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, কামাল আহমেদ প্রমুখ।
