গণতন্ত্র বিকাশে সহনশীল হতে হবে : রাষ্ট্রপতি

আপডেট : ২৭ মার্চ ২০১৫, ১৬:৩৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্রের বিকাশে অব্যাহতভাবে গণতান্ত্রিক রীতি-নীতির চর্চা, পরমতসহিষ্ণুতা, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ খুবই জরুরি। এ জন্য জাতীয় জীবনে আমাদের আরও ধৈর্য, সংযম ও সহনশীলতার পরিচয় দিতে হবে। অন্যের মতামতের প্রতি থাকতে হবে শ্রদ্ধাশীল। জাতীয় সংসদকে পরিণত করতে হবে সকল আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এই সম্মেলনের আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, আপনারা নিজ নিজ এলাকায় সম্মানিত ব্যক্তি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যমনি। আপনাদের কেন্দ্র করেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গতিশীল ও জনকল্যাণমুখী হয়ে ওঠে। আপনাদের সাথে জনগণের মধ্যে নিবিড় সেতুবন্ধ সৃষ্টি হয়, যা উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।