নারায়ণগঞ্জ বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল বাশারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দা এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া যায় নদীতে। অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
সাত খুনের দুটি মামলায় এ পর্যন্ত র্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র্যাব কর্মকর্তাসহ ১৯ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। এ ছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতিমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দী দিয়েছেন।
