রাঙ্গামাটি জেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের ক্লাস আজ শনিবার শুরু হতে যাচ্ছে। গত ১৮ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় নিয়মিত শ্রেণী কার্যক্রমসহ মেডিক্যাল কলেজটির সব শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি শিক্ষাবর্ষে এম.বি.বি.এস কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদানসহ যাবতীয় শিক্ষা কার্যক্রমের যাত্রা আজ থেকে শুরু হবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার ইতিমধ্যে কলেজের ক্লাসরুম ও হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় তারা হোস্টেলের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।
তারা বলেন, কোন ধরনের সমস্যা কলেজে হবে না। প্রশাসন সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে কেউ যদি বিশৃঙ্খলা করতে আসে তাহলে কেউ রেহাই পাবে না। তারা ছাত্র -ছাত্রী ও অভিভাকদের আশ্বস্ত করে বলেন, নির্ভয়ে ক্লাস করে আগামী দিনের নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলুন।
এদিকে, সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও মেডিক্যাল কলেজের পরিচালনা বোর্ড। এরই আলোকে বুধবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের ক্লাস শুরুর বিষয়ে রাঙ্গামাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হুঁশিয়ার করে বলা হয়, সামান্য ইস্যু নিয়ে পার্বত্য অঞ্চলে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে চেষ্টা চালাচ্ছে একটি মহল। যে বা যারা মেডিক্যাল কলেজ নিয়ে বিশৃঙ্খলা করবে সে যে দল বা যে গোষ্ঠীরই হোক না কেন তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তাই সরকারের ভালো কাজগুলোকে বিরোধিতা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পার্বত্য অঞ্চলের জনগণ উপকৃত হবে।
উল্লেখ্য, ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের শ্রেণী কার্যক্রম উদ্বোধনের দিন প্রতিবাদ জানিয়ে জেলায় অবরোধ ডাকে পাহাড়ি ছাত্র পরিষদ। অবরোধকে ঘিরে ছাত্রলীগ-পিসিপির সংঘর্ষ এক পর্যায়ে রূপ নেয় পাহাড়ি-বাঙালি সহিংসতায়। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যা নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারাসহ কারফিউ দিতে বাধ্য হয় প্রশাসন। তাই আজ কলেজটির আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরুকে ঘিরে যাতে কেউ কোনো বিশৃংখলা ঘটাতে না পারে সেজন্য কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী।
শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুক্রবার সকালে রাঙ্গামাটির টিসিসি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের টিম। টিসিসি ছাত্রাবাস থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে গুলতি, মার্বেল, ছুরি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায় । তবে কাউকে আটক করতে পারেনি নিরাপত্তা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত রাঙ্গামাটি তবলছড়ি বাজার ও আসামবস্তি বাজারে অভিযান চালায়।
