ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ চ্যাটার্জী ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষকে সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ আয়োজিত স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে সংবর্ধনা দেয়া হয়েছে।
রাত সাড়ে ৯টায় প্রসেনজিত্ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে হাজার হাজার মানুষ তাকে করতালি দিয়ে বরণ করে নেয়। এ সময় সেখানে এক উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির তার হাতে ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা শেষে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ দর্শকদের অনুরোধে মঞ্চে দাঁড়িয়ে একটি গান পরিবেশন করেন। চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ বলেন, দুই বাংলাকে নিয়ে সীমান্ত নদী ইছামতির পাড়ে একটি সিনেমা করার ইচ্ছে ছিল তার বহু দিনের। আজ সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি শঙ্খচিল’র শ্যুটিং করতে গৌতম ঘোষ ও প্রসেনজিত্ বর্তমানে সাতক্ষীরাতে অবস্থান করছেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
