মুক্তিযুদ্ধে স্বামীহারা আশরাফুন নেছা আজও বয়স্কভাতা পাননি

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ০১:৩৯

মুক্তিযুদ্ধে বিধবা আশরাফুন নেছা (৮০) পরের বাড়িতে কাজ করে খেলেও আজও বয়স্ক ভাতা জোটেনি তার কপালে।

২৫ মার্চ সকালে মহেশপুর শহরের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে এসে ২ টাকার একটি নোট দিয়ে বলছে, তার একটি আবেদনপত্র লিখে দিতে। সে পৌরসভায় জমা দেবে। এ সময় প্রতিবেদকের সাথে তার কথা হয়।  বৃদ্ধা আশরাফুন নেছা জানায়, তার বয়স ৮০/৯০ বছর হবে। ১৯৭১ সালে যুদ্ধে তার স্বামী মারা যায়। সেই থেকে অনেক কষ্ট করে জীবন যুদ্ধে সংগ্রাম করে আসছে। পরের বাড়িতে বসবাস করে। কোনো কোনোদিন তাকে অভুক্ত থাকতে হয়।  তিনি বলেন, পরের বাড়িতে কাজ করে খাই কিন্তু এখন আর কাজ করার মত শক্তি তার নেই। তাই পৌরসভায় আবেদন করবে। এ পর্যন্ত পৌরসভার কোনো কাউন্সিলর বা মেয়র তার খোঁজ নেয়নি। কথাগুলো বলতে বলতে বৃদ্ধা মহিলার দু’চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।