চট্টগ্রাম বন্দর এবং পতেঙ্গায় পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপুতে নাশকতার পরিকল্পনাকারী শিবিরের পতেঙ্গা থানার সভাপতি মো. ফজলুল রহমান রুবেলসহ সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. জমির উদ্দিন, মো. খালিদ হাসান রানা, মো. আবদুল করিম (১), মো. আবদুল করিম (২), মো. মাহবুবুর রহমান, এজিএন আলী আরিফ।
শুক্রবার গভীর রাতে রুবেলকে পতেঙ্গা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে বাকী ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডায়েরি, ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার হয়।
কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন বলেন, সরকারকে উৎখাত, দেশকে অস্থিশীল করার লক্ষে চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গায় নাশকতার ছক এঁকেছিল গ্রেফতার শিবির নেতা-কর্মীরা। এ ষড়যন্ত্রের মূল নির্দেশদাতা শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মো. এনামুল কবিরকে ইতিমধ্যে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার আজ্ঞাবহ ওইসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।
