রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা ব্রিজ থেকে দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর গ্রাম পর্যন্ত প্রায় তিন কিমি প্রশস্ত ওয়াশীলা খালটির উভয় মুখ বন্ধ করে দিয়েছে স্থানীয় কতিপয় মত্স্যজীবী নামধারী প্রভাবশালীরা। তারা এই খালের উভয় মুখ বন্ধ করে দিয়ে খালটিতে মাছ চাষ শুরু করেছে।
স্থানীয় গ্রামবাসী ও কৃষকদের সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা ব্রিজ থেকে দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার প্রশস্ত ওয়াশীলা খালটি প্রতিবছর বর্ষার পানি জমে ভরে যায়। দশ গ্রামের দুই হাজারের অধিক কৃষক এই খালের পানি ব্যবহার করে থাকে। গত কয়েক বছর ধরে কৃষকদের এই সুবিধা থেকে বঞ্চিত করে এলাকার কথিপয় আওয়ামী লীগ ও বিএনপি’র নামধারী মত্স্যজীবী সিন্ডিকেট খালের উভয় মুখ বন্ধ করে সেখানে মাছ চাষ শুরু করে। অস্ত্রধারী দুর্বৃত্ত শ্রেণির এসব কথিত মত্স্যজীবীদের কাছে শত শত কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। উত্তর একডালা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলেজ শিক্ষক জিয়া উদ্দিন টিপু জানান, ভয়-ভীতি দেখিয়ে খালটি দখল করে রেখেছে কয়েকজন প্রভাবশালী।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, কে বা কারা বীজের নিচে মাটির বাঁধ দিয়েছে তা আমার জানা নেই। প্রায় একই মতামত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দখলের অভিযোগটি অস্বীকার করে ভবানীগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম বাবু জানান, খালটি প্রায় শুকিয়ে গিয়েছিল। আমরা সেখানে গভীর নলকূপ থেকে পানি নিয়ে মাছ চাষ শুরু করেছি। এক পর্যায়ে তিনি কাচারীকোয়ালীপাড়া গ্রামের আব্দুস সামাদ নামক ব্যক্তি ডিসি অফিস থেকে খালটি ইজারা নিয়েছেন বলে দাবি করলেও এ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।
