ডিসিসি দক্ষিণের ১০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৬:২০
 
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দক্ষিণের সম্ভাব্য ১০ জন কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসিসি দক্ষিণ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শনিবার তাদের এ নোটিশ দেয়া হয়েছে । রিটার্নিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ সাংবাদিকদের একথা জানিয়েছেন। খবর: বাসসের।
তিনি বলেন, শুক্রবার পর্যন্ত ৬৮ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, তাদের অধিকাংশই ক্ষমা চেয়েছেন। আজ ১০ জনকে এ নোটিশ দেয়া হয়েছে। তাদেরকে ২৯ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নির্বাচনের ২১ দিন আগে ভোট চেয়ে কোনো প্রচার-প্রচারণা করার বিধান নেই। অথচ সংশ্লিষ্ট প্রার্থীদের নামে এলাকায় বিভিন্ন স্থানে পোস্টার, বিলবোর্ড, স্টিকার রয়েছে। এটা স্পষ্ট বিধি লঙ্ঘন।
প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দু’টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও তিনি জানান।