বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের উদ্দেশ্যে আজ ভোরে এ দলটি জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে ঢাকা ত্যাগ করেন।
পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম দলটির কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৭৬ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
