বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, ‘গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করেছিল, কিন্তু এবার আর সে ভুলটি করছে না, তারা ভুল বুঝতে পেরেছে।’
বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমেদের গুলশানস্থ বাসায় পরিবারের লোকজনকে সমবেদনা জানাতে এসে শনিবার বিকেল পৌনে চারটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদের ব্যাপারে জানতে চাইলে ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘আমার মনে হয় সালাহ উদ্দিন আহমেদকে একটি জায়গায় রাখা হয়েছে এবং তিনি বেঁচে আছেন, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। কিন্তু আবার ভয়ও হয়, যখন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর কথা মনে পড়ে।’ এ ব্যাপারে আইনি সহায়তা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে তার পরিবার আদালতে যে রিট করেছে সে রিটে সমস্ত সহায়তা করব আমি। সালাউদ্দিন আহমেদ একজন ব্যারিস্টার ও আইনজীবী ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা ল’ইয়ারদের জন্য লজ্জাজনক।’
