রাষ্ট্রযন্ত্র দুর্নীতিগ্রস্ত হলে তা নির্মূল অসম্ভব: মতিয়া

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৮:৪০
 
রাষ্ট্রযন্ত্র যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে হাজার কর্মসূচি করেও দুর্নীতি প্রতিরোধ করা যায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে সততা সংঘের সমাবেশ ও শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
 

কৃষিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র তো নিজে নিজে চলে না, তার যেসব নিয়ম-কানুন ও শাসন কাঠামো আছে, সেসবের মধ্য দিয়ে চলে। সেখানে যদি ইচ্ছাকৃতভাবে দুর্নীতিগ্রস্ত করা হয় তখন হাজারো সেমিনার ও কর্মসূচি করলে আত্মতৃপ্তি পাওয়া যায় বটে কিন্তু রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল করা যায় না।’ বিদেশি উন্নয়ন সহযোগীদের সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশকে হিতোপদেশ দেয়ার আগে উন্নয়ন সহযোগী দেশগুলোকেই সেটা পালন করতে হবে। তারা সহযোগিতার নামে যেসব শর্ত আরোপ করেন সেগুলো দুর্নীতিমুক্ত নয়; দুর্নীতিযুক্ত- এটা অত্যন্ত জোরালো কণ্ঠে বলা যায়।’