সাতক্ষীরার ভোমরায় স্কুলের টিনের চালে উঠে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে চাল ভেঙ্গে পড়ে ২ জন নিহত ও অপর দুই জন আহত হয়েছে। নিহতরা হল, সদর উপজেলার পুষ্পকাটি গ্রামের রমজান আলীর ছেলে মোশারফ হোসেন অপর জন দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেন । শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি প্রাইমারি স্কুলে এ ঘটনাটি ঘটে। স্কুল মাঠে এ সময ভোমরা বঙ্গবন্ধু আদর্শ যুব সংঘের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীদাড়ি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ব্যাপক জনসমাগম হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবীর। এতে বক্তৃতা পর্ব শেষে সঙ্গীত পরিবেশন শুরু হয়। এসময় অনেকেই মাঠে জায়গা না পেয়ে স্কুলের টিনের চালের উপর উঠে অনুষ্ঠান দেখা শুরু করে। একপর্যায়ে টিনের চাল ভেঙ্গে পড়ে ২ জন নিহত ও অপর দুইজন আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে ।
