নারায়ণগঞ্জে নৌ দুর্ঘটনায় হোসিয়ারী শ্রমিক নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৪:০৮
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে রবিবার সকালে নৌ দুর্ঘটনায় একজন হোসিয়ারী নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত শিল্পী বেগম বন্দর উপজেলার রেললাইন এলাকার রিকশা চালক ধনু মিয়ার স্ত্রী। তিনি নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার ইসরাত হোসিয়ারীর শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টায় বন্দরের বিএম উচ্চ বিদ্যালয়ে স্কুল ঘাট থেকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলারটি নারায়ণগঞ্জ শহরের টানবাজার খেয়াঘাট এলাকাতে যাচ্ছিল। এ সময় এমভি সৌদিয়া বাংলা নামের মালবাহী একটি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। ট্রলারটি ডুবে যাওয়ার সময় শিল্পী বেগম লাফিয়ে নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরো ৫-৬ জন যাত্রী। এ ঘটনায় পুলিশ বাল্কহেড কর্মচারী ফিরোজকে আটক করেছে।