মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উদ্যাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি ইনক এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
ভয়েস অব আমেরিকার আন্তর্জাতিক ব্রডকাস্টার সেলিম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—ফোবানার প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) উপদেষ্টা ড. খন্দকার মনসুর, মোহাম্মদ আলমগীর এবং আইটি ইঞ্জিনিয়ার আবু হানিফ, বাগডিসির সভাপতি এ টি এম আলম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরু প্রমুখ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে প্রেস মিনিস্টার শামীম আহমেদ মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও বিদেশি বন্ধুদের অনন্য ভূমিকার কথা স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সুখী ও সমৃদ্ধিশালী ডিজিটাল সোনার বাংলা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার জন্য সবার প্রতি আহবান জানান।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক আবু রুমির পরিচালনায় বৃহত্তর ওয়াশিংটনের শিল্পীবৃন্দ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নাচ-গান-কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
