জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা নামক স্থানে রবিবার সন্ত্রাসীদের গুলিতে গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
এলাকাবাসীরা জানায়, তিনজন সন্ত্রাসী মোটরসাইকেল আরোহী বেশে এসে তাকে গুলি করে হত্যা করে। তিনটি ব্যাগ ও পাঁচটি মোবাইল সেটসহ গ্রামীণফোনের কিছু সীম নিয়ে দ্রুত সরিষাবাড়ীর রোড়ে দিকে পালিয়ে যায় তারা।
এসময় প্রতিবেশীরা এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জামালপুরে গ্রামীণ ফোনের এজেন্ট আমিন এন্ড কোম্পানীর সূত্রে জানা যায়, আরিফ তাদের একজন বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করছিল। আরিফ মিয়া (৩০) মেলান্দহ উপজেলার শাহাজাদপুর মিয়াবাড়ী এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত সেনা সদস্য আবুল হাসেম মিয়ার ছেলে।
এদিকে আমিন এন্ড কোম্পানীর ষ্টোর কিপার রোকুনুজ্জামান বলেন, ছিনিয়ে নেয়া ব্যগগুলোর মধ্যে তিন শতাধিক গ্রামীণ ফোনের সিম কার্ড ও প্রায় ৫০ হাজার টাকার স্ক্যাচ কার্ড ছিল।
থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ওসি মজিবুর রহমান জানান।
