১ এপ্রিল শুরু এইচএসসি-সমমান পরীক্ষা, ২৬ থেকে ২৮ স্থগিত

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২১:৪৪
 
 
   
 
 
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ২৬ থেকে ও ২৮ এপ্রিলের এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে। এগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা- সম্পর্কিত আইন-শৃঙ্খলা কমিটি সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান—১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা গ্রহণের সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রের আশপাশের সব ফটোকপি মেশিন বন্ধ রাখা হবে। কোচিং সেন্টারগুলো কড়া নজরদারিতে রাখা হবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের কারণে আগামী ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘এবার বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা একটিও রুটিন মাফিক নেয়া সম্ভব হয়নি। এটি এ দেশের পাবলিক পরীক্ষার ইতিহাসে একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। তবে আমরা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো রুটিন মাফিক নেব। এর কোনো ব্যত্যয় হবে না। এসএসসির মতো ফাঁকে ফাঁকে পরীক্ষা নিলে এ পরীক্ষা শেষ হতে দীর্ঘদিন লেগে যাবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আর কত বিনয়ী হব, আর কত নত হব। অন্তত পরীক্ষার আগে-পরে ২ ঘণ্টা হরতাল দেবেন না, তা আমলে নেয়া হয়নি।’
মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী আমাকে সমর্থন করেছেন। শিক্ষার্থী-অভিভাবকরা ফোন করে বলেছেন, এটা বেস্ট সিদ্ধান্ত।’
সভায় জানানো হয়—কোচিং সেন্টার, ফেসবুক, ফটোকপি মেশিনসহ সবকিছুই কঠোর নজরদারিতে রাখা হবে।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।