ভোটের কারণে তিন দিন পেছাবে এইচএসসি পরীক্ষা

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ০০:৫৩

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ২৬, ২৭, ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হবে। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। গতকাল রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা  সম্পর্কিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ০১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সকল ফটোকপি ম্যাশিন বন্ধ রাখা হবে। কোচিং সেন্টার থাকবে কড়া নজরদারিতে।
মন্ত্রী বলেন, এবার বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা একটিও রুটিনমাফিক নেয়া সম্ভব হয়নি। এটি এদেশের পাবলিক পরীক্ষার ইতিহাসে একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। তবে আমরা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো রুটিনমাফিক নেবো। এর কোনো ব্যত্যয় হবে না। নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী আমাকে সমর্থন করেছেন। শিক্ষার্থী-অভিভাবকরা ফোন করে বলেছেন, এটা বেস্ট সিদ্ধান্ত। এসএসসির মতো ফাঁকে ফাঁকে পরীক্ষা নিলে এ পরীক্ষা শেষ হতে দীর্ঘ দিন লেগে যাবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।