যশোরে শ্রমিককে গুলি করে হত্যা

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ০৯:৩০


যশোরের মনিরামপুরে মনোয়ার হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রিকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন বাগডাঙ্গা গ্রামের মৃত বুলবুল হোসেনের ছেলে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বাগডাঙ্গা বাজারে মনোয়ারসহ তার সঙ্গীরা রাতে চা পান করতে যান। এ সময় একই এলাকার ওলিয়ার রহমানের ছেলে আশানুর এবং লাল্টু নামে আরও একজন তার পেটে গুলি করে কাছে থাকা টাকা নিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের চাচা আবুল কাশেম জানান, পূর্ব শত্রæতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির আহম্মদ জানান, রবিবার বিকেলে আশানুরের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন মনোয়ার হোসেন। এরপর তারা একসাথে ছিলেন। রাতে তাদের মধ্যে গোলযোগ হতে পারে। এরই জের ধরে আশানুরসহ অন্যারা তাকে গুলি করে হত্যা করেছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক সাঈদ সিদ্দিকী জানান, তার পেটে দুটি গুলি লেগেছে। সোমবার লাশের ময়না তদন্ত হবে।