গলার ইনফেকশনে এন্টিবায়োটিকস কার্যকর নয়

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১১:১৯
গলার ইনফেকশন বা গলার প্রদাহ ও ব্রংকাইটিসে এন্টিবায়োটিকস বা জীবাণুনাশক কার্যকর নয়। বারবার গবেষকদের সতর্কবাণী সত্ত্বেও চিকিত্সকগণ এ ধরনের সমস্যায় এন্টিবায়োটিকস ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। গবেষকগণ ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ২০ লক্ষ রোগীর ওপর জরিপ চালান। এ ব্যাপারে অন্যতম গবেষক হারভার্ড মেডিক্যাল স্কুলের বিশেষজ্ঞ ড: জেফরি লিন্ডার উল্লেখ করেছেন, গবেষণার ফলাফল হতাশাব্যঞ্জক। তিনি অপ্রয়োজনীয় এন্টিবায়োটিকস ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন। গবেষণায় বলা হয়, এন্টিবায়োটিকসের নানা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এসব পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পাকস্থলির ব্যথা, ডায়রিয়া এবং রোগীদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানসের সভাপতি ড: রেইড ব্লাকওয়েলডার উল্লেখ করেছেন, গলার ইনফেকশন, ব্রংকাইটিস, ফ্লু এসব ভাইরাস থেকে সংক্রমিত হয়। ভাইরাসের ক্ষেত্রে এন্টিবায়োটিকসের কোন কার্যকারিতা নেই। শুধু ব্যাকটেরিয়া থেকে সংক্রমিত ইনফেকশন যেমন নিউমোনিয়া, ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে এন্টিবায়োটিক দেয়া হয়। ড: ব্লাক উল্লেখ করেছেন, রোগীদের চাহিদা ও চাপের কারণে অনেক সময় চিকিত্সকগণ এন্টিবায়োটিকস লিখে থাকেন।
এছাড়া এন্টিবায়োটিকসের প্রয়োজন নেই এ কথাটির ব্যাখ্যা দেয়ার জন্য রোগীকে যে সময় দিতে হয় তার চেয়ে এন্টিবায়োটিকস লিখে দিলে অনেক কম সময় লাগে। গবেষণায় দেখা যায় প্রাইমারি কেয়ার চিকিত্সকগণ শতকরা ৬০ ভাগ ক্ষেত্রে গলার ইনফেকশনে এন্টিবায়োটিকসের ব্যবস্থাপত্র দেন।
এছাড়া ব্রংকাইটিসের ক্ষেত্রে শতকরা ৭৩ ভাগ এন্টিবায়োটিকস দেয়া হয়। জেএএমএ ইন্টারনাল মেডিসিন জার্নালের এডিটরিয়ালে ড: রিটা রেডবার্গ উল্লেখ করেছেন থ্রট ইনফেকশনের মাত্র শতকরা ১০ ভাগ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় যেখানে এন্টিবায়োটিকস প্রয়োজন। বিশেষজ্ঞগণ অপ্রয়োজনীয় ক্ষেত্রে এন্টিবায়োটিকের ব্যবহার থেকে বিরত থাকতে চিকিত্সকদের পরামর্শ দিয়েছেন। অতি সম্প্রতি সানফ্রানসিস্কোর ইনফেকশাস ডিজিজ সেমিনারে বিশেষজ্ঞগণ এ আহ্বান জানান।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ