বাড়ি থেকে স্কুলে যাবার পথে বগুড়ার গোকুলে ট্রাক চাপায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান গোকুল এলাকায় অবস্থিত সবুজ নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন (১১)বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার মিলন হোসেনের ছেলে। সে গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত রবিবার সকালে বাইসাইকেল চালিয়ে রিয়াদ স্কুলে যাচ্ছিল। পথে গোকুল সবুজ নার্সারির সামনে রাস্তা পার হওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রিয়াদ মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় তারা গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কের উভয়পাশে শত শত বাস ট্রাকসহ বিভিন্ন পরিবহন আটকা পড়ে । পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে। বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয় ।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি থানায় নিয়ে গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার হাতে আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ হবে । বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।
