নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৮:৫৫
নরসিংদীতে ইউপি সদস্য ও বিএনপি নেতা আরিফ হোসেন পাঠানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করেছে রাখে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠিন বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয়। 
 
নিহত আরিফ হোসেন উত্তর কারারচর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ও একাধারে দুই মেয়াদের পুটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীও ছিলেন আরিফ হোসেন। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের সামনের একটি দোকানে বসা ছিলেন আরিফ হোসেন। এ সময় ৩টি  মোটরসাইকেল যোগে ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ইউপি সদস্য আরিফ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী  ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। 
খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম ও শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, পুটিয়া ইউপি চেয়ারম্যান জিন্নত আলী জিনুসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিকরা নিহতের লাশ দেখতে জেলা হাসপাতালে ভীড় জামায়।