গোপালগঞ্জে ছাত্রীর মাথা ফাটিয়ে শিক্ষক এখন শ্রীঘরে। রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার চককরুলিয়া গ্রামে। শিক্ষক ও শিক্ষার্থীর বাড়ি চককরুলিয়া গ্রামে। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করেন।
পুলিশ অভিযুক্ত শিক্ষক সুশাস্ত বৈরাগীকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে পাঠিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কলহের জের ধরে তর্ক বিতর্কের এক পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলার বড়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশাস্ত বৈরাগী প্রতিবেশী দিলীপ মৃধার মেয়ে ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সঙ্গীতা মৃধার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এস. আই আবু নাঈম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইদিন রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
