৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ‘মেজবান’ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পুলিশ বিভাগ।
রবিবার দুপুরে পুলিশ লাইন্স নরসিংদীতে আয়োজিত মেজবান অনুষ্ঠানে জেলার ৫ শত জন মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মেজবান অনুষ্ঠানের আগে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর-১ আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু বীর প্রতিক।
এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দীর্ঘ প্রায় চব্বিশ বছর পাকিস্তানীদের শাসন-শোষণ, নির্যাতন ও অত্যচারের পর মহান নেতা বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর মতো নেতা জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া হরতাল অবরোধের নামে দেশে অরাজকতা শুরু করেছে। বোমা, পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে। দেশের মানুষ কোনদিনই এগুলো বরদাস্ত করবে না।
সভাপতির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি বীরমুক্তিযোদ্ধা এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ২৫ শে মার্চ কালোরাত্রে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র পাকবাহিনী নিরীহ পুলিশদের উপর হামলা চালিয়ে অসংখ্য পুলিশকে হত্যা করেছে। এ সময় তিনি এক মায়ের শিশু সন্তানকে পাক বাহিনীর বেয়নটের আঘাতে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মাত্র ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রহিমা আক্তার, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সাবেক এমপি জহিরুল হক মোহন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি মশিউর রহমান মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।
