দাখিল পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেল কালিহাতী উপজেলার গেরিলাবাড়ি দাখিল মাদরাসার দুই ছাত্রী।
সোমবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালিহাতী উপজেলার গেরিলাবাড়ি গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এলিজা খাতুন (১৬) ও একই গ্রামের আব্দুল্লার মেয়ে মর্জিনা খাতুন। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশাটির চালকসহ ৪জন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা শেষে ৫জন ছাত্রী ব্যাটারি চালিত অটোরিকশাযোগে গেরিলাবাড়ির দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-বঙ্গবন্ধুসেতু পূর্ব মহাসড়কের কালিহাতি উপজেলার জোকারচর ১২নং বিজ্রের উপর উঠলে পিছন দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তায় উল্টে পড়লে ঘটনাস্থলে দুই ছাত্রীর মৃত্যু হয়। এতে অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয় আরো ৪জন। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ৫জন ছাত্রী গেরিলাবাড়ি দাখিল মাদরাসার এবারের দাখিল পরীক্ষার্থী। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংঙ্কাজনক বলে জানান তিনি। ট্রাকটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়েছে।
