গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাত-পা বেঁধে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত সিরাজুল ইসলাম (৩২) একজন মাদক বিক্রেতা। তিনি উপজেলার পূর্ব সফিপুর এলাকার মো. হাসমত আলী সর্দারের ছেলে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, রবিবার রাতে উপজেলার পূর্ব সফিপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় মাদক বিক্রেতা শাহীন, মামুন, শাকিল ও বাবুলদের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষরা সিরাজুলকে বাড়ি থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে বাড়ির পাশেই ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল।
এসআই সাইফুল বলেন, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রুবি আক্তার থানায় একটি মামলা দায়ের করেছেন।
