দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিশেষ অবদান রাখছে

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৮:০৯
 
 
দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলায় ২৫ লাখ দরিদ্র পরিবার তথা ১ কোটি ২৫ লাখ দরিদ্রকে দারিদ্র্যমুক্ত করতে ১৫ লাখ আয়বর্ধক প্রকল্প এবং ১২ লাখ ৬৫ হাজার ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তোলা হয়েছে। এতে প্রায় শতভাগ সফলতা অর্জিত হয়েছে। এজন্য ব্যয় হচ্ছে ২ হাজার ১০০ কোটি টাকা।
 
সোমবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্পের জাতীয় স্টিয়ারিং কমিটির ২য় সভায় এসব তথ্য উপস্খাপন করা হয়।
 
এতে সংসদ সদস্যবৃন্দ, পল্লী উন্নয়ন সমবায় সচিব এমএ কাদের সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ড. প্রশান্ত রায়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
 
পল্লী উন্নয়ন সমবায় সচিব জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধস্ত বাংলাদেশকে পুনর্গঠনে সমবায় আন্দোলনকে যেভাবে সফলভাবে এগিয়ে নিয়েছিলেন, ঠিক একই ধারাবাহিকতায় তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যশূন্য করার দর্শন বাস্তবায়ন করছেন। তিনি এ প্রকল্পকে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করে বলেন, ইতোমধ্যে অনেক রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ ব্যক্ত করছেন। তিনি স্টিয়ারিং কমিটির সদস্যদের প্রকল্পটি নিবিড় মনিটরিং করার মাধ্যমে সফল ও সার্থক করার পরামর্শ দেন। তিনি বলেন, দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিশেষ অবদান রাখছে।
 
সভায় জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে বর্তমানে দেশে ৩০ ভাগ মানুষ দারিদ্র্য মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ৪০ হাজারের অধিক গ্রাম সমিতির সদস্যদের মাধ্যমে ৫৮৯ কোটি টাকা সঞ্চয় জমা ও ৮২২ কোটি টাকার আবর্তক তহবিলসহ সদস্যদের মোট তহবিল ২০০০ কোটি টাকা দাঁড়িয়েছে।